কুমিল্লাকে ১২৮ রানের লক্ষ্য দিল সিলেট

বিপিএলের নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে সিলেট সিক্সার্স। রবিবার দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সিলেট ৮ উইকেটে ১২৭ রান করে।

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই অনেকটা ধীরগতিতে খেলছিলেন সিলেটের ব্যাটসম্যানরা। এর মধ্যে ২৩ রানের মধ্যে দুই ওপেনার লিটন দাস ও ডেভিড ওয়ার্নার আউট হয়ে যান। পরবর্তী ব্যাটসম্যানরাও তাদের অনুসরণ করে দ্রুতই মাঠ ছাড়তে থাকেন। এক পর্যায়ে দলটির স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫৬ রান।

এরপর নিকোলাস পুরানের ৪১ রানের ইনিংসের সুবাদে ১২৭ রান করতে সক্ষম হয় সিলেট। পুরান ২৬ বল খেকে ৫টি চার ও দুটি ছক্কার মারে এ রান করেন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে আফিফ হোসেন ও অলক কাপালি ১৯ রান করে সংগ্রহ করেন। কুমিল্লার বোলারদের মধ্যে মেহেদি হাসান, সাইফ উদ্দিন ও মোহাম্মদ শহীদ দুটি করে উইকেট নেন।

ইত্তেফাক/কেআই