বগুড়ায় ৪ মজুরসহ সড়কে ৬ জনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় বগুড়ায় চার দিনমজুর, সাতক্ষীরার তালায় সাইকেল আরোহী ও নাটোরের বড়াইগ্রামে এক গরু বিক্রেতা নিহত হয়েছেন।

স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, শহরের মাটিডালী এলাকায় দিনমজুরের হাটে গতকাল শনিবার পিকআপ চাপায় চার জন নিহত ও আরো দুই জন আহত হয়েছে। নিহতরা হলেন—সদরের খামারকান্দি গ্রামের রশিদুল ইসলাম, তেলিহারা গ্রামের আবু জাফর, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের আজগর আলী ও একই এলাকার মন্টু। জানা গেছে, সদর উপজেলা পরিষদের পাশে মাটিডালী এলাকায় প্রতিদিন সকালে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। শনিবার সকাল সাড়ে ৬টায় শহর থেকে মাটিডালীর দিকে যাওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ হাটের কিছু লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ছয় জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তিন জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হলে আরো একজন মারা যায়।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, তালায় মোটরসাইকেলের ধাক্কায় ভগিরত মালো নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নগরঘাটার নিমতলা গ্রামের খগেন মালোর ছেলে ভগিরত একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। শুক্রবার সকালে সাইকেল চড়ে বিনেরপোতা বাজারে মাছ কেনার জন্য যাচ্ছিলেন তিনি।

এদিকে বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার রেজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ সড়ক দুর্ঘটনায় হাসানুর রহমান নামে এক গরু বিক্রেতা নিহত হয়েছেন। নিহত হাসানুর গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে। গরু বিক্রি করে বাড়িতে ফেরার পথে রেজ্জাক মোড়ে দাঁড়িয়ে থাকাকালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।