গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া দেশের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের কোনো সরকারই বন্যা নিয়ন্ত্রণ ও নদীশাসনে যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। এক্ষেত্রে মানুষের দুর্দশা দূরীকরণে এবং দেশের সম্পদ জমিজমা, ফসল ও পশুপাখি রক্ষার্থে প্রয়োজন গণমুখী পরিকল্পনা ও পদক্ষেপ। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া সঠিক পদক্ষেপ গ্রহণ করে বন্যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। গতকাল শনিবার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদের পাঠানো এক বিবৃতিতে তারা একথা বলেন।
বিবৃতিতে গণফোরামের নেতৃদ্বয় বলেন, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ব্যাপক বন্যায় মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে। কোনো কোনো অঞ্চলে এবার কয়েক দফায় বন্যা হয়েছে। মানুষের ঘরবাড়ি, জমিজমা, নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ফসল তলিয়ে যাওয়ায় কৃষক সর্বস্বান্ত। এর মধ্যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় ধ্বংস-তাণ্ডব ব্যাপকতা লাভ করেছে।
ড. কামাল ও ড. রেজা কিবরিয়া আরো বলেন, বানভাসিদের জন্য প্রয়োজন সাময়িক আশ্রয় শিবির ও প্রয়োজনীয় ত্রাণ সাহায্যের।