রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের ওপর কর্তৃপক্ষের নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় কথা বলা বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে আটকের পর ফেরত পাঠানো হচ্ছে। গতকাল শনিবার মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং তার মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩ জুলাই আল-জাজিরার ইংরেজি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শীর্ষক একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনে মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী কর্মীদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, রায়হান কবির নামের এক বাংলাদেশি নিপীড়নের প্রতিবাদ করছেন। এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। এক সংক্ষিপ্ত বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল জাইমি ডাউড জানিয়েছেন, রায়হান কবিরকে গ্রেফতারের আগে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

আলজাজিরার প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া। দেশটির সরকার ঐ প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ঐ প্রতিবেদন প্রকাশের পর আলজাজিরার বেশ কয়েক জন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমটি।