নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মুসা সরকার (৫৭) নামে এক ড্রেজার শ্রমিক। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে শহরের দুই নম্বর রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। মুসা সরকার মুন্সীগঞ্জ সদরের বাসিন্দা। তিনি শেরপুরে ড্রেজার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
মুসার চাচাতো ভাই মো. জহির উদ্দিন সরকার বলেন, ‘ঈদের ছুটি কাটাতে মুসা গত শুক্রবার রাতে নাইট কোচে শেরপুর থেকে নারায়ণগঞ্জ এসেছিল। পরে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাবার কথা ছিল। গতকাল সে চাষাঢ়ায় বাস থেকে নেমে পায়ে হেঁটে শহরের দুই নম্বর রেল গেট এলাকায় আসছিল। এ সময় তিন যুবক তার পথরোধ করে এবং সঙ্গে থাকা টাকা দাবি করে। ছিনতাইয়ের সময় মুসা আশপাশে থাকা নৈশপ্রহরীদের কাছে সাহায্য চাইতেই ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ‘ঘটনাস্থলে তিন জন নৈশপ্রহরী ছিলেন। তাদের তথ্য মতে আকাশ ও রাজা নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’