বংশালে গ্যাস বিস্ফোরণ

ভাইয়ের পর না ফেরার দেশে শিশু জান্নাত সংকটে দগ্ধ বাবা-মা

ছোট ভাইয়ের মৃত্যুর পর বোনও না ফেরার দেশে পাড়ি জমাল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় পুরান ঢাকার বংশালের সামছাবাদে বাসায় বিস্ফোরণ ও আগুনে দগ্ধ তিন বছরের শিশু জান্নাতের গতকাল শনিবার ভোরে মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে মারা যায় জান্নাতের ছোট ভাই দেড় বছরের মইনুল ইসলাম। তাদের দগ্ধ বাবা জাবেদ ও মা শিউলি আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। একই হাসপাতালের চিকিত্সাধীন তারা।

বংশালের কসাইটুলিতে ব্যাগের কারখানা আছে ব্যবসায়ী জাবেদের। মইনুল ও জান্নাত নামের দুই শিশু সন্তানকে নিয়ে সামছাবাদের ৪৪/১ নম্বর দোতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। বুধবার জাবেদের বাসার গ্যাসের লাইন লিকেজ হয়। ঐদিন সন্ধ্যায় মিস্ত্রি ডেকে সারিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের পর পরই আগুন ধরে যায়। এ সময় বাসার পার্টিশন দেওয়াল ধসে দেওয়াল চাপায় জাবেদের দেড় বছরের ছেলে মইনুল ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ হয়ে মেয়ে জান্নাত, স্ত্রীসহ তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। জান্নাতের শরীরের ৬০ শতাংশ, জাবেদের ৩৭ শতাংশ ও শিউলির ১৭ শতাংশ দগ্ধ হয়। শিশু জান্নাতকে ঐদিনই আইসিইউতে রেখে চিকিত্সা দেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। গতকাল ভোরে তার মৃত্যু হয়।