ইত্তেফাক ডেস্ক
লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে আরো আলোচনা চালাবে ভারত এবং চীন। দেশ দুটি সামনের দিনগুলোতে সীমান্ত থেকে সৈন্য সরাতে ভার্চুয়াল বৈঠক করবে। ভারতের কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। যদিও ঐ দিন কোনো গোলাগুলির খবর পাওয়া যায়নি। এরপর থেকে দুই দেশ বিভিন্ন পর্যায়ে আলোচনা চালালেও সেখানে উত্তেজনা চলছে। চীনের ৪০ হাজার সেনা এখনো লাদাখে মোতায়েন রয়েছে। এখন সীমান্ত থেকে কতোটা দ্রুত সৈন্য সরানো যায় সেই বিষয়ে আলোচনা করবে পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশি দেশ। দিল্লির একটি সূত্র জানিয়েছে, সীমান্তে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো অর্ডিনেশন কমিটি জানিয়েছে, তারা ভার্চুয়াল বৈঠক করছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, সীমান্তে শান্তি নির্ভর করে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। তিনি বলেন, আমরা আশা করি সীমান্তে উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠায় চীন আমাদের সঙ্গে কাজ করবে।