চীনের ভ্যাকটিস ট্রায়ালের গবেষণায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ করা উচিত: ডা. জাফরুল্লাহ

ইত্তেফাক রিপোর্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চীনের ভ্যাকসিন ট্রায়ালের গবেষণায় বাংলাদেশের সক্রিয়ভাবে অংশ নেওয়া উচিত। এতে একটি চুক্তি থাকতে হবে যাতে দেশের স্বার্থ রক্ষিত হয়। গতকাল শনিবার গণসংহতি আন্দোলন আয়োজিত ‘জনগণের স্বাস্থ্যব্যবস্থার রূপরেখা নিয়ে জনস্বাস্থ্য কনভেনশন-২০২০’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আইসিডিডিআরবি অতীতে ইউরোপীয় কোম্পানির পক্ষে ভ্যাকসিন গবেষণা করেছে। তখন কিন্তু আপত্তি ওঠেনি। আজ এখানে আপত্তিটা কেন? এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এত মাথাব্যথা কেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূতের ও চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে।

ভ্যাকসিন ট্রায়ালের জন্য বিএমআরসি গবেষণার অনুমতি দিয়েছে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সেটাকে বন্ধ করে দিচ্ছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, এতে প্রমাণ হয় কী রকম চক্রান্তের দিকে আমরা যাচ্ছি। এখানে বিভিন্নভাবে তাদের চর, দালালেরা অনুপ্রবেশ করেছে। যারা তৃতীয় বিশ্বের, বাংলাদেশের তো অবশ্যই স্বার্থবিরোধী। আমাদের জনগণকে বিষয়টা না বোঝাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের ওষুধের বাজারও বন্ধ হয়ে যাবে। এখানে চীনের সহায়তা নিয়ে আমাদের দ্রুত অগ্রসর হওয়া প্রয়োজন।