দেশের ২৫০ যুবক ইয়ুথ লিডারশিপ সামিটে অংশ নেবে

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রায় ২৫০ জন যুবক আগামী ২৭ ও ২৮ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত রিসাইলিয়েন্ট ইয়ুথ লিডারশিপ সামিটে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার বিকাল ৪টায় গণভবন থেকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ উদ্বোধন করবেন। গতকাল শনিবার ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বক্তরা এ কথা জানান। অনুষ্ঠানে  ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন ওআইসি এর মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন,  কাতারের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সালেহ বিন গানেম আল আলী, আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী আজাদ রহিমভ, আইসিওয়াইএফের সভাপতি তাহা আইয়ান  প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আইয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় ঢাকা এ বছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে।’