রংপুরের মিঠাপুকুর উপজেলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শাহিন বিপ্লব (৪৫) নামে এক ইট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহিন বিপ্লব উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, জ্বর, কাশি ও মাথাব্যথা থাকায় শাহিন বিপ্লব গত ১৮ জুলাই রংপুর মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরদিন ১৯ জুলাই করোনা রিপোর্ট পজেটিভ আসলে তাকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, এ নিয়ে মিঠাপুকুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।
ইত্তেফাক/আরকেজি