সৌরভকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে চান না গাভাস্কার

গত কিছুদিন আগেই আইসিসি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। তারপর থেকেই শূন্য হয়ে পড়েছে পদটি। তবে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা এই পদের জন্য সৌরভ গাঙ্গুলীকেই উপযুক্ত ব্যক্তি হিসেবে মনোনিত করতে চান। সৌরভ গাঙ্গুলী বিশ্ব ক্রিকেটারদের আহ্বানে ভাসলেও নিজ দেশের কিংবদন্তি সুনিল গাভাস্কার বলেছেন অন্য কথা। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে বিসিসিআইয়েই থাকতে বলছেন সৌরভকে। 

এই মুহূর্তে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলীর মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে। যার পরবর্তী শুনানি হবে ১৭ আগস্ট। বোর্ডের নতুন সংবিধান অনুযায়ী, রাজ্য সংস্থা ও বোর্ড মিলিয়ে টানা ৬ বছর পদে থাকার পর বাধ্যতামূলক ভাবে ৩ বছরের জন্য কুলিং অফে যেতে হবে। ফলে সৌরভের মতো সচিব জয় শাহকেও সংবিধান অনুসারে সরে যেতে হবে। জয়ের মেয়াদ আবার আগেই ফুরিয়ে গেছে। সৌরভের মেয়াদও ফুরিয়ে এসেছে। তাই সবার নজর আপাতত সুপ্রিম কোর্টের দিকে।

এর মাঝেই পাক্ষিক মিড-ডে পত্রিকায় কলামে গাভাস্কার লিখেছেন, 'বোর্ডের মামলার শুনানি পিছিয়ে দেওয়ায় দেশের ক্রিকেটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, দেশের সর্বোচ্চ আদালতে ক্রিকেটের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ মামলা আছে। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে এই রায়ের দিকে তাকিয়ে আছে। ব্যক্তিগতভাবে আমি সৌরভ ও তার দলকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বোর্ডে দেখতে চাই। তবে সৌরভ যেভাবে অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে অন্ধকার থেকে টেনে তুলেছিল, সেভাবেই সে বোর্ডেও পরিবর্তন আনতে পারবে।'

ইত্তেফাক/এসআই