সুন্দরবনে কেটে ফেলা দুটি হরিণের মাংস ও শিকারীদের নৌকা জব্দ

সুন্দরবনের চাড়াখালী এলাকা থেকে পাচারকালে ৩০ কেজি হরিণে মাংস, দুইটি মাথা, আটটি পা, ৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ, কয়েকটি ধারালো অস্ত্র (দা) ও দুইটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, রবিবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনের চাড়াখালী এলাকায় অভিযান চালায় বন প্রহরীরা। এ সময় ওই এলাকা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় বন প্রহরীরা দুইটি নৌকাকে চ্যালেঞ্জ করে। তখন নৌকায় থাকা চোরা শিকারীরা লাফিয়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তাদের ফেলে যাওয়া দুইটি নৌকায় তল্লাশি চালিয়ে জবাই করা দুইটি হরিণের ৩০ কেজি মাংস, দুইটি মাথা, আটটি পাসহ অন্য সরঞ্জামাদি জব্দ করা হয়। 

আরও পড়ুন: রংপুরে মৃত্যু শতকের ঘরে, নতুন আক্রান্ত ১১১

জব্দকৃত মালামাল রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এর আগে গত ৪ জুলাই করমজল সংলগ্ন চিলা এলাকা থেকে ১৫ কেজি হরিণে মাংস, একটি মাথা ও একটি নৌকা জব্দ করে করমজলের বনপ্রহরীরা।

ইত্তেফাক/এসি