মেসবাহ আহমেদ। আধুনিক, গজল ও ক্লাসিক্যাল গানের মাধ্যমে শ্রোতাদের কাছে জনপ্রিয় তিনি। সম্প্রতি বেশ কয়েকটি গান তৈরি নিয়ে চলছে ব্যস্ততা। এ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
চলতি সময়ে আপনার ব্যস্ততা?
এখন মূলত বেশ কয়েকটি গান নিয়ে ব্যস্ত আছি। গত রোজার ঈদে ‘বৃষ্টিতে ভিজে ভিজে’ একটি গান রিলিজ পেয়েছে। এছাড়া এখন গানবাংলার একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। তাদের ‘টিএম রেকর্ড’ নামে একটি প্লাটফর্ম থেকে আমার কাছ থেকে ১০০ গান চাওয়া হয়েছে। যতগুলো পারি দেওয়ার চেষ্টা করবো। এক সময় নিয়মিত গানের আড্ডা হতো। তখন গীতিকার গোলাম মোরশেদ ভাই আমাকে বেশ কয়েকটি দিয়েছিলেন। সেগুলোর সংখ্যা এখন ৩০। সেগুলো নিয়ে কাজ করছি এত বছর পর। আসলে এই কোয়ারেন্টাইন আমাদের যেমন অনেককিছু বন্ধ করে দিয়েছে তেমন অনেককিছু দিয়েছে। আমি মিউজিকে বেশ সময় দিয়ে পেরেছি। তাই কাজগুলো হলো।
গানের আড্ডা এখন কম হয়। নতুন করে তেমন গল্পও আমরা শুনি না। আপনাদের আড্ডার সময়গুলো কেমন ছিল?
গানের আড্ডা খুব মিস করি। সেই আড্ডাগুলো ছিল স্মরণীয়। অনেক গান তৈরি হতো সেসব আড্ডা থেকে। এখন তো ঘরের মধ্যে স্টুডিও। একজন সবকিছু করছেন। আর আড্ডাগুলোও এখন শিক্ষণীয় হচ্ছে না।
আমাদের শ্রোতাদের গজল শোনায় আগ্রহ কেমন দেখেন?
এখন বেশ ভালো। অনেক তরুণও এখন গজল শুনছেন। যেটি আগে হতো না। এখন অনেক সহজভাবে গজল তৈরি হচ্ছে।