বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ট্রেন লাইনচ্যুত ১০ ঘণ্টা পর চলাচল শুরু

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুতির দশ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল ৯টা ২০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচলের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশন মাস্টার মনির আহমেদ। বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলওয়ের স্টেশন মাস্টার মনির আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গিয়ে বঙ্গবন্ধু সেতুর ওপরে ওঠার আগেই ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঐ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত থেকে ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারে চেষ্টা করে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার সকালে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নেওয়ার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বঙ্গবন্ধু সেতুপশ্চিম পাড়ে আটকেপড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২-এর প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ব্রডগেজ থেকে মিটারগেজে লাইনে স্থানান্তরের সময় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। আগেও এই ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।