২ আগস্ট দেশে ফিরছেন অর্থমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরতে পারেন। বর্তমানে তিনি চিকিত্সা ফলোআপ পরামর্শ গ্রহণের জন্য লন্ডন অবস্থান করছেন। অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে থাকলেও অনলাইনের মাধ্যমে তিনি সার্বক্ষণিক দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন। উল্লেখ্য, গত ১ জুলাই বুধবার বিকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন অর্থমন্ত্রী। করোনা মহামারিতে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বিধায় পৌঁছানোর ১৪ দিন পরে তার চিকিত্সা কার্যক্রম শুরু হয়। আর এ কারণেই তার সফর বিলম্বিত হচ্ছে বলে জানা যায়।

অর্থমন্ত্রণালয় জানিয়েছে, অর্থমন্ত্রী আইসিসির সভাপতি থাকাকালীন সময় থেকে আইসিসির তত্ত্বাবধানে লন্ডনে যেসব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতেন, পরবর্তী সময়েও তিনি সেসব ডাক্তারের পরামর্শ নিয়মিত গ্রহণ করেন। গত ৩০ জুন মঙ্গলবার জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পাশ হয়েছে। এরও বেশ পূর্বে ফলোআপ চিকিত্সকের পরামর্শ গ্রহণের জন্য অর্থমন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল। একদিকে করোনা পরিস্থিতির অবনতি, অপরদিকে বাজেট তৈরি, সংসদে উপস্থাপন ও সংসদে পাশ করার কাজে ব্যস্ত থাকায় সেটি সম্ভব হয়নি। যার কারণে তিনি বাজেট পাশের পর চিকিত্সার ফলোআপের জন্য লন্ডন যান।