সিইটিপির কাজ সঠিকভাবে বাস্তবায়নের নির্দেশ

ইত্তেফাক রিপোর্ট

সাভারের চামড়া শিল্পনগরী এলাকায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণকাজ গত জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি। ফলে বিশ্বব্যাপী স্বীকৃত লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিওজি) সনদ পাচ্ছে না বাংলাদেশের রপ্তানিকারকেরা। এতে করে বিশ্বব্যাপী বাংলাদেশের চামড়া ও চামড়াপণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল শিল্প মন্ত্রণালয়ের এক সভায় সিইটিপি নির্মাণকাজসম্পর্কিত ইস্যুটি উঠেছে। এ সময় জানানো হয়, সিইটিপির অটোমেশনের কাজ শিগিগরই সমাপ্ত হবে। সভায় উপস্থিত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এলডব্লিওজির মানদণ্ড অর্জনে কার্যক্রমের সঠিক বাস্তবায়নের নির্দেশ দেন। সদ্যসমাপ্ত ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পসমূহের জুন ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনায় ঐ সভা অনুষ্ঠিত হয়। শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনলাইনে আয়োজিত ঐ সভায় অন্যদের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সারের সঠিক রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ৩৪টি বাফার গোডাউন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রকল্পে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা নিয়োগ এবং দেশীয় অভিজ্ঞ একাধিক স্টিল অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাফার গোডাউন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া একই দিন শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের ২০২০-২১ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দপ্তর-সংস্থার প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এবং শিল্প মন্ত্রণালয়ের পক্ষে শিল্প সচিব এপিএতে স্বাক্ষর করেন।