প্রাথমিক দলে চার নতুন মুখ

সোহেল সারোয়ার চঞ্চল

কাতার ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক নাম ঘোষণা করা হয়েছে। ৩৬ ফুটবলারের নাম ঘোষণা করেছেন ইংলিশ কোচ জেমি ডে। এর মধ্যে নতুন নাম চার জন। এই চার জন ফুটবলারের মধ্যে রয়েছেন পুলিশ ফুটবল দলের দুই জন এবং উত্তর বারীধারা ও বসুন্ধরা কিংসের একজন করে। আর ইনজুরিতে থাকা তিন ফুটবলার মাসুক মিয়া জনি, আব্দুল্লাহ এবং ফাহাদ আবার ডাক পেয়েছেন। এবারই রেকর্ড, প্রাথমিক তালিকায় বসুন্ধরার ১৪ ফুটবলার। নাম নেই মোহামেডানের কারো। আগামী ৫, ৬ এবং ৭ আগস্ট গাজীপুরে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা। ১২ জন করে তিন ধাপে ৩৬ ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন। কোচিং স্টাফরা ঢাকায় আসবেন মধ্য আগস্টে।

করোনার মাহমারি চলছে। ফিফার ম্যাচ খেলতে হবে এই মহামারির মধ্যেই। বাফুফেও প্রস্তুতি নিয়েছে ফিফার নির্দেশ পেয়ে। জাতীয় ফুটবল দল ২৩ জানুয়ারি ঢাকায় শেষ ম্যাচ খেলেছিল বঙ্গবন্ধু কাপে, বুরুন্ডির বিপক্ষে। আগামী ৮ অক্টোবর আফগানিস্তান, ১৩ অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে এবং ১২, ১৭ নভেম্বর ওমান ও ভারতের বিপক্ষে জামাল ভুঁইয়াদের গ্রুপের অবশিষ্ট ম্যাচ। প্রথম লেগে আফগানিস্তান, ওমান এবং ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ।

প্রাথমিক জাতীয় দলে ডাক পাওয়া আলোচিত ফুটবলার ফিনল্যান্ডে জন্ম নেয়া তারিক কাজী। রক্ষণভাগের এই ফুটবলার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে ম্যাচ খেললেও তার পারফরম্যান্স দর্শকদের নজর কাড়েনি। তবে এই নয় যে, মান খারাপ। এত দ্রুত বলা যাবে না। কারণ এই তারিক কাজী ফিনল্যান্ডে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলেছেন। ইন্টারনেটে পাওয়া তথ্য, ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৭ এবং ১৯ জাতীয় দলে খেলেছেন তিনি। ইউরোপীয়ান কোনো দেশের ফুটবলে খেলার যোগ্যতা, অভিজ্ঞতা থাকলে তাকে অবেহলা করার সুযোগ কম। নওগাঁয় তারিকের বাড়ি, বাবা ছাইদুল কাজী। বাংলাদেশের ফুটবলের প্রতি টান আছে। অনেক দিন ধরেই ঢাকার মাঠে আসা-যাওয়া করলেও তাকে চোখে পড়ছিল না ন্যাশনাল টিমের কর্তাদের।  অবশেষে এই তরুণের কপাল খুলেছে। ইউরোপে জন্ম নেওয়া আরেক ফুটবলার জামাল ভুঁইয়াও এক সময় ঢাকায় এসে প্রথম দিনই নজর কাড়তে পারেননি। এখন তিনি জাতীয় দলের অধিনায়ক। তারিক কাজীও চাইছেন বাংলাদেশের পতাকা বুকে নিয়ে ফুটবলে লড়াই করবেন। দেশের জন্য কিছু করতে চান এমন কথা লিগ চলাকালীন প্রেসবক্সে সংবাদ মাধ্যমের সঙ্গে অনেক বার বলেছিলেন। 

n ফিফার অবশিষ্ট চার ম্যাচের প্রাথমিক তালিকায় ৩৬ ফুটবলার

গোলকিপার জিকো, তপু, ইয়াসিন খান, বিশ্বনাথ, সুশান্ত, ফাহাদ, তারিক রায়হান কাজী, রবিউল হাসান, বিপলু, সুফিল, মতিন মিয়া, ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ, মাসুক মিয়া জনি (বসুন্ধরা কিংস)। গোলকিপার শহিদুল আলম সোহেল, টুটুল হোসেন বাদশা, রায়হান, মামুনুল, সোহেল রানা, সাদ উদ্দিন, জীবন (আবাহনী)। গোলকিপার পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন খান, ইয়াসিন আরাফাত, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভুঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং)। মানিক মোল্লা, মঞ্জুরুর রহমান মানিক, রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী)। গোলকিপার আশরাফুল ইসলাম রানা, আব্দুল্লাহ (শেখ রাসেল)।  নাজমুল ইসলাম রাসেল, বাবলু (পুলিশ)। সুমন রেজা (উত্তর বারিধারা)।