বার্সায় যাচ্ছেন বিয়েলসা?

স্পোর্টস ডেস্ক

লিডস ইউনাইটেডকে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে নিয়ে এসে মার্সেলো বিয়েলসা শীর্ষস্থানীয় ইউরোপীয় দলগুলোর মনোযোগ আকর্ষণ করছেন। ইংল্যান্ডের স্থানীয় পত্রিকা দ্য সান জানাচ্ছে, তারই স্বদেশি লিওনেল মেসি তাকে বার্সেলোনার কোচ হিসেবে চাচ্ছেন!

চলতি মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না কাতালানদের। মৌসুমের শুরু থেকেই বাজে পারফরম্যান্সের কারণে গেল জানুয়ারিতে চাকরি যায় সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দের। এরপর কিকে সেতিয়েনকে ডাগআউটে এনেও খুব একটা লাভ হয়নি, উলটো হারাতে হয়েছে লিগ শিরোপাও।

এর আগে তার সহকারী এডার সারাবিয়ার সঙ্গে খেলোয়াড়দের কলহের ব্যাপারটিও গুরুত্ব দিয়ে দেখে বার্সা কর্তৃপক্ষ। ফলে চ্যাম্পিয়ন্স লিগের আগেই সেতিয়েনের চাকরি যাওয়ার গুঞ্জন শুরু হয়। তবে স্প্যানিশ এই কোচ দৃঢ় কণ্ঠেই জানান মৌসুমের শেষ পর্যন্ত থাকছেন তিনি।

আগামী মৌসুমে কি হয় তা নিয়ে অবশ্য আছে সংশয়। ইংলিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, লিডস ইউনাইটেড কোচ মার্সেলো বিয়েলসাকে কোচ হিসেবে পেতে ইতিমধ্যেই কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেছেন অধিনায়ক মেসি। তবে দ্য সানের মত, তার কাছে স্বল্পমেয়াদি সমাধান চায় দলটি।

এদিকে বিয়েলসা নিজেও লিডস ইউনাইটেড কোচের পদে চুক্তি নবায়ন করেননি। ফলে গুঞ্জন শক্তিশালী হচ্ছে ক্রমেই। আর্জেন্টাইন এই কোচের বার্সায় আসার গুঞ্জন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১২ সালে পেপ গার্দিওলা দল ছাড়ার পর বার্সার কোচ হওয়ার গুঞ্জন সৃষ্টি হয় সাবেক অ্যাথলেটিক বিলবাও কোচের।