অভিযুক্ত পাঁচ আনসার সদস্য ক্লোজড

চট্টগ্রামে আহত কাস্টমস কর্মচারীকে হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম কাস্টমস হাউজের এক কর্মচারীকে মারধর করায় পাঁচ আনসার সদস্যকে ক্লোজড করা হয়েছে। মারধরের ঘটনায় আহত কম্পিউটার অপারেটর সাফিউল আলমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার এই ঘটনা ঘটে। কাস্টমস মিনিস্টিরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, সকালে সামিউল কাস্টমস হাউজে ঢুকতে চাইলে আনসার সদস্যরা আইডি কার্ড দেখতে চান। এসময় তিনি জানান তার আইডি কার্ড অফিসে আছে, এনে দিচ্ছি। এসময় অনেক বহিরাগতকে আইডি না দেখে ঢুকতে দিলে সামিউল বলেন—আমাকে আটকে দিলেন আর অন্যদের ঢুকতে দিচ্ছেন। একথা বলার পর পাঁচ আনসার সদস্য সামিউলকে মারধর শুরু করে। আমি গিয়ে তাকে উদ্ধার করি। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রশাসন) মাহাবুবুর রহমান জানান, অভিযুক্ত আনসার সদস্যদের ক্লোজড করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।