জকিগঞ্জ সংবাদদাতা
জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার তালিকাভুক্তি, ভোটার স্থানান্তরসহ উপজেলা নির্বাচন অফিসে নাগরিক হয়রানি, অসৌজন্য আচরণ প্রসঙ্গে কথা বলায় জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মিথ্যা ভিত্তিহীন পৃথক দুটি জিডি করা হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার রাতে জকিগঞ্জ প্রেসক্লাবে জরুরি সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীবের দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন জিডি, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। মানববন্ধন শেষে ঐদিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এখলাছুর রহমান, সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রেসক্লাব সদস্য রিপন আহমদ, কে এম মামুন ও আল হাছিব তাপাদার প্রমুখ।
পালটা জিডি
এদিকে জকিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের হয়রানিমূলক জিডির বিরুদ্ধে পালটা জিডি করেছেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী। শনিবার জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শে জকিগঞ্জ থানায় এ জিডি করেন। জিডিতে তিনি উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিব কর্তৃক দায়েরকৃত জিডি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করেন ।