কুমিল্লায় সিটি কাউন্সিলর আলমগীরকে যুবলীগের পদ থেকে বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমিল্লা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে।

কেন্দ্রীয় যুবলীগের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেনকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হলো।’

নিহত আক্তার হোসেনের ছোট ভাই ও কুমিল্লা মহানগর যুবলীগের ২৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক শাহজালাল আলাল বলেন, ‘যারা হত্যাসহ নানা ধরনের জুলুম ও অত্যাচারের সঙ্গে জড়িত, তারা যুবলীগে থাকতে পারে না। কিন্তু দিনে-দুপুরে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ১৬ দিনেও পুলিশ মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করতে পারেনি। আমরা আশা করি, যুবলীগ থেকে বহিষ্কৃত আলমগীরকে পুলিশ অবিলম্বে গ্রেফতার করবে এবং আমরা এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাব।’