কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতন এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। এ সময় কারখানার আসবাবপত্র ও মহাসড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। পুলিশ ও শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শনিবার সকালে অনুষ্ঠিত এক সভায় শ্রমিকদের ঈদের বোনাস ও ঈদের ছুটি চার দিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় শ্রমিকরা বোনাসের সঙ্গে চলতি মাসের বেতন ও ঈদের ছুটি বৃদ্ধির দাবি জানায়। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি উপেক্ষা করে তাদের অবস্থানে অটল থাকে। রবিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৯টার দিকে কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা মেশিন ও গুরুত্বপূর্ণ অফিসসহ কারখানার মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে।