নৌবাহিনীর প্রধানকে পরানো হলো ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ

ইত্তেফাক রিপোর্ট

নৌবাহিনীর প্রধান হিসেবে নবনিযুক্ত রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালকে গতকাল রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে র্যাংক ব্যাজ পরানো শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান। এ সময় নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।