দুর্ঘটনায় ঝরছে প্রাণ পঙ্গুত্বের অমানিশা

আড়াইহাজারে অবৈধ নসিমনের দাপট

মাসুম বিল্লাহ, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

অবৈধ যানবাহনের দাপটে অতিষ্ঠ আড়াইহাজারবাসী। সহস্রাধিক নসিমন ও বালুবাহী ট্রাক দাপিয়ে বেড়াচ্ছে ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন। দ্রুত গতিতে চলাচলকারী এসব অবৈধ যানবাহনের ব্রেক সিস্টেম অত্যন্ত দুর্বল। যার দরুন প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ১০ বছরে এলাকায় এ ধরনের যানবাহনের দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেছে অন্তত ৩০০ লোক। নিহত হয়েছে অর্ধশতাধিক। যার মধ্যে রয়েছেন চালক, হেলপার, যাত্রী ও পথচারী। অতিরিক্ত মালামাল বহন করার কারণে নষ্ট হচ্ছে সড়ক ।

আড়াইহাজার উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রমতে, প্রতিদিন হাসপাতালে অন্তত তিন-চার জন রোগী আসে নসিমনের ধাক্কায় আহত হয়ে। এদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিত্সা নিয়ে বাসায় ফিরে যায়। অবস্থা খারাপ হলে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। প্রায়ই হাত-পা ভাঙা রোগী আসে। মাঝে মধ্যে ঘটে যায় হূদয়বিদারক ঘটনা। স্কুলে যাওয়ার পথে কিংবা বাড়ির পাশের সড়কে নসিমনের চাপায় অনেক শিশুর অপমৃত্যু ঘটে। অনেক মায়ের কোল খালি হয়েছে। তবুও বন্ধ হয়নি ভয়ংকর নসিমন। গত বৃহস্পতিবার সকাল ১১টায় কল্যান্দীতে নসিমনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় তিন বছরের শিশু তানহা। শিশুটি সড়কের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিল। অতিরিক্ত মালবাহী নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে তানহার ওপরে উঠে যায়। ১৫ দিন আগে বালুবাহী ট্রাক চাপায় পা ভেঙে যায় রামচন্দ্রদীর হযরত আলীর। এত অঘটনের পরও থামছে না অবৈধ নসিমনের দাপট।

আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, ‘আমরা উপজেলা পরিষদের সভায় অবৈধ যানবাহনের বিষয়ে আলাপ করে সিদ্ধান্ত নেব।’