ইত্তেফাক রিপোর্ট
বেনাপোল পেট্রাপোল রেল সংযোগ ব্যবহার করে প্রথম ভারতীয় মালবাহী ট্রেন বাংলাদেশে এফএমসিজি পণ্য ও কাপড়বোঝাই ৫০টি কনটেইনার শনিবার হস্তান্তর করেছে। কনটেইনার ট্রেনটি ভারতের কলকাতার মাঝেরহাটের কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের টার্মিনাল থেকে রওনা হয় এবং এটি বেনাপোল স্টেশনে গ্রহণ করা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনটেইনার ট্রেন পরিষেবা ভারতে কনটেইনার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের মনোনীত ইনল্যান্ড কনটেইনার ডিপো এবং টার্মিনালসমূহের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্টেশনকে সংযুক্ত করার জন্য একটি স্থায়ী পরিষেবা হবে।