রাঙ্গা বাদ জাপার মহাসচিব বাবলু

২০১৩ সালের ১০ এপ্রিল থেকে ২০২০ সালের ২৬ জুলাই—এই সাত বছরে চারবার মহাসচিব পদে পরিবর্তন ঘটেছে জাতীয় পার্টিতে (জাপা)। সর্বশেষ গতকাল রবিবার মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে নতুন মহাসচিব করেছেন জাপার বর্তমান চেয়ারম্যান জি এম কাদের। আগের তিন দফায় মহাসচিব বদল করেছেন দলের প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ। আর জি এম কাদের দলের চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম মহাসচিব বদলালেন। ২০১৮ সালের ৩ ডিসেম্বর মহাসচিব হওয়ার পর মাত্র ১ বছর ৮ মাসের মাথায় পদ হারালেন রাঙ্গা।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের গতকাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপার গঠনতন্ত্রের ২০/১(১)ক উপধারার ক্ষমতাবলে জি এম কাদের এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। গতকাল থেকেই এই আদেশ কার্যকর হয়েছে। প্রসঙ্গত, দলীয় সম্পর্ক ছাড়াও জিয়াউদ্দিন বাবলু হচ্ছেন জি এম কাদেরের ভাগনি জামাই।

মহাসচিব পদ থেকে রাঙ্গাকে সরানোর বিষয়ে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলেও জি এম কাদেরও কোনো মন্তব্য করেননি। তবে জাপার ভেতর-বাইরের একাধিক সূত্র বলছে, দলের ভেতরের কিছু কর্মকাণ্ড এবং সরকার ও আওয়ামী লীগকে নিয়ে সামপ্রতিক সময়ে একাধিকবার বিরূপ মন্তব্যের কারণে রাঙ্গাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সংসদের ভেতরে-বাইরে তোপে পড়েন রাঙ্গা। এজন্য তিনি সংসদে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। সর্বশেষ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত ১৪ জুলাই রংপুরে এক স্মরণসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের কোনো কোনো মন্ত্রী সম্পর্কে তীর্যক মন্তব্য করেন জাপার বাদ পড়া এই মহাসচিব।

মহাসচিব পদ থেকে বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে রাঙ্গা ইত্তেফাককে বলেন, ‘দলের গঠনতন্ত্রের ২০ ধারা অনুযায়ী চেয়ারম্যান যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। শুধু নারীকে পুরুষ, আর পুরুষকে নারী করা ছাড়া সবই করতে পারেন। জাপায় গণতন্ত্র অশ্বডিম্ব, এটা খুবই দুঃখজনক। আমাকে কিছুই জানানো হয়নি। জি এম কাদের সাহেবকে ফোন করেছি, তিনি ফোনও ধরেননি।’ রংপুর থেকে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী জানান, রাঙ্গাকে মহাসচিব পদ থেকে বাদ দেওয়ায় রংপুরে কিছু নেতাকর্মী বিক্ষোভ করেছেন।

নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ইত্তেফাককে বলেন, দলকে সংগঠিত ও শক্তিশালী করাই তার লক্ষ্য। প্রতিটি অঙ্গ-সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত করতে যা করণীয় সবই করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন বাবলু।

বিরোধীদলীয় চিফ হুইপের

পদও হারাতে পারেন রাঙ্গা

রাঙ্গা বর্তমান একাদশ সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ। জানা গেছে, মহাসচিব থেকে সরানোর পর শিগিগরই রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকেও বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গা বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ আমি থাকব না নতুন কাউকে করা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রওশন এরশাদের। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনিই জাপার পার্লামেন্টারি পার্টির প্রধান। এখানে জি এম কাদেরের কোনো এক্তিয়ার নেই। রাঙ্গা জানান, মহাসচিব পদ থেকে বাদ পড়ার খবর শুনে তিনি গতকাল রওশনের সঙ্গে কথা বলেছেন। রওশন বিষয়টি দেখছেন বলে তাকে জানিয়েছেন।

কর্মেই অমর এরশাদ :খোকা

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণসভা করেছে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি। এতে প্রধান অতিথির বক্তব্যে জাপার অতিরিক্ত মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, জাতীয় প্রয়োজনে এরশাদ জাপা প্রতিষ্ঠা করে দেশ ও মানুষের সেবা করেছেন। ব্রিটিশ ঔপনিবেশিক ব্যবস্থা ভেঙে উপজেলা পরিষদ গঠন করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে সরকারি কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন। এরকম অভূতপূর্ব কর্মের মাধ্যমেই মানুষের অন্তরে অমর হয়ে থাকবেন এরশাদ। খোকা তার বক্তব্যে জিয়াউদ্দিন বাবলুকে জাপার নতুন মহাসচিব করায় জি এম কাদেরকে ধন্যবাদ জানান।