ঐতিহাসিক শোলাকিয়ায় সৈয়দ আশরাফের জানাজায় লাখো মানুষের ঢল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। রবিবার বেলা ১টা ২০ মিনিটে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান। 

এর আগে বেলা সাড়ে বারোটার দিকে সৈয়দ আশরাফের মরদেহবাহী হেলিকপ্টার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করে। ঢাকা থেকে মরদেহের সঙ্গে আসেন সৈয়দ আশরাফুল ইসলামের তিন সহোদর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মেজর জেনারেল (অব:) সৈয়দ সাফায়েতুল ইসলাম, ড.  সৈয়দ শরীফুল ইসলাম, দুই বোন সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর লোপা, তার কন্যা সৈয়দা রীমা ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক মুহিবুল হক চৌধুরী নওফেল। 

বেলা একটার দিকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ শোলাকিয়া ঈদগাহে আনা হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শুরুর আগে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও পরিবারের পক্ষ থেকে সৈয়দ মঞ্জুরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর লাশবাহী কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা বারোটায় নামাজে জানাজার ঘোষণা প্রচার করা হলেও সকাল দশটার আগে থেকেই দলমত নির্বিশেষে লোকজন শোলাকিয়া ঈদগাহে সমবেত হতে থাকে। জানাজা শুরুর আগেই মাঠে লাখো মানুষের ঢল নামে। শোলাকিয়া ঈদগাহ কানায় কানায় ভরে যায়। তিন ঘন্টা আগে থেকেই ঈদগাহে যাতায়াতের সুবিধা ও ভিড় এড়ানোর জন্য শহরে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ তথ্যমন্ত্রী হচ্ছেন ড. হাছান মাহমুদ

নামাজে জানাজায় পরিবারের লোকজন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, রেজোয়ান আহম্মদ তৌফিক এমপি, আফজল হোসেন এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু