করোনায় ভাগ্য খুলেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের!

করোনার কারণে স্বল্প সময়ে চিকিত্সা সুবিধা উন্নীত হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। গত ১০ বছরে যা হয়নি তা দুই মাসে হয়েছে। হাসপাতালটিকে কোভিড-১৯ চিকিত্সাকেন্দ্র ঘোষণার পর মিলেছে ১০টি আইসিইউ বেড ও নির্মিত হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট।

নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও দীর্ঘ সময়ে নানামুখি প্রচেষ্টার পরও চিকিত্সা সুবিধা বাড়েনি। এখন প্রতিটি বেডের সঙ্গে অক্সিজেন লাইন যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা পাবেন রোগীরা। চিকিত্সকরা জানান, এখন সবচেয়ে বেশি প্রয়োজন ২৫০ শয্যার জন্য প্রয়োজনীয় চিকিত্সক, নার্স ও অন্যান্য জনবলের দ্রুত পদ সৃজন করে নিয়োগ দেওয়া।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ ইত্তেফাককে বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টটি স্থাপনের ফলে রোগীরা উপকৃত হবে। প্রতিটি বেডের সঙ্গে অক্সিজেন লাইন যুক্ত করা হয়েছে। বিদ্যুত্ সমস্যাটি নিয়ে আমরা বিদ্যুত্ বিভাগের সঙ্গে আলোচনা করছি। যাতে হাসপাতালে বিদ্যুত্ বিভ্রাট না হয়।’

চট্টগ্রামে চিকিত্সক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিত্সা সুবিধা বাড়ানো গেলে চমেক হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে। সার্বক্ষণিক বিদ্যুত্ সুবিধা না থাকায় প্রসূতি রোগীদের সিজার ও অপারেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানতে চাইলে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপন করা হলেও চিকিত্সা সুবিধা চালানোর মতো দক্ষ জনবলের পদ সৃষ্টি করা হয়নি। উপজেলা থেকে চিকিত্সক এনে সেবা চালানো হচ্ছে। তাই চিকিত্সা সরঞ্জাম দিলেই হবে না, বিশেষজ্ঞ চিকিত্সক ও দক্ষ জনবলের পদ সৃষ্টি করতে হবে। তাহলেই রোগীরা প্রয়োজনীয় চিকিত্সা সুবিধা পাবে।’