স্বল্পমূল্যে ভেন্টিলেটর মেশিন উদ্ভাবনের দাবি বরিশালের অধ্যাপক সৈয়দ আলীর

বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) ট্রেজারার আইসিইউতে ব্যবহার উপযোগী স্বল্পমূল্যে উন্নতমানের মেডিক্যাল ভেন্টিলেটর মেশিন উদ্ভাবনের দাবি করেছেন। গতকাল রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ট্রেজারার অধ্যাপক ড. মো. সৈয়দ আলী মোল্লা জানান, করোনা, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের জটিল রোগে আক্রান্ত রোগীর জন্য ভেন্টিলেটর মেশিন অপরিহার্য। করোনা মহামারির সময়ে বিশ্ব জুড়ে ভেন্টিলেটর মেশিনের ব্যবহার ও চাহিদা বেড়ে যায়। বাংলাদেশে প্রতি সাড়ে ৩ লাখ মানুষের জন্য একটিমাত্র ভেন্টিলেটর মেশিন রয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এবং এর আমদানি ব্যয়ও অনেক। এ অবস্থায় তিনি ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সার্বিক সহযোগিতায় ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নেন। দীর্ঘ চেষ্টার পর যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও সংশোধনী শেষে ব্যবহার উপযোগী একটি মেডিক্যাল ভেন্টিলেটর উদ্ভাবন করেন। দেশি-বিদেশি যন্ত্রাংশ ও নিজস্ব প্রোগ্রাম দিয়ে এই যন্ত্রটি পরিচালিত হবে এবং স্বল্পমূল্যে উন্নতমানের সেবা দিতে পারবে বলে তিনি আশা করেন।

অধ্যাপক ড. মো. সৈয়দ আলী মোল্লা জানান তার উদ্ভাবিত ভেন্টিলেটর তৈরিতে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হতে পারে। তবে একসঙ্গে ১০ থেকে ১৫টি অর্ডার করলে সেক্ষেত্রে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকায় প্রতিটি ভেন্টিলেটর উত্পাদন সম্ভব হবে।

সিএন্ডবি রোডস্থ ইউজিভির ২ নম্বর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. লোকমান খান, সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. মেহেদি হাসান শুভ প্রমুখ।