যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ আবার বেড়েছে। টেক্সাসে বিক্ষোভে গুলিতে একজন নিহত হয়েছে। সিয়াটল ও পোর্টল্যান্ডে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সরকারি বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করেছে। কেনটাকিতে কৃষ্ণাঙ্গদের একটি মিলিশিয়া গোষ্ঠী সশস্ত্র বিক্ষোভ করেছে। খবর রয়টার্স ও ডেইলি মেইলের

পোর্টল্যান্ড, সিয়াটল এবং শিকাগোতে  ফেডারেল এজেন্ট পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তারপরও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভ আবার সহিংস রূপ নিয়েছে। সিয়াটল, পোর্টল্যান্ড এবং টেক্সাসের অস্টিনে বিক্ষোভে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। শনিবার রাতে টেক্সাসের অস্টিনে বিক্ষোভে গুলি চালালে এক বিক্ষোভকারী নিহত হয়। শহরজুড়ে পুলিশের নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। কে বা কারা এই গুলি চালিয়েছে পুলিশ সেই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও পালটা টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সিয়াটলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এ ছাড়া পুলিশের একটি ঘর এবং একটি যুব সেন্টারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, বিক্ষোভ থেকে সহিংসতা চালানোর কারণে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই বিক্ষোভকে দাঙ্গা বলে অভিহিত করে জানান, অন্তত ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর এবং বিস্ফোরক ছুঁড়ে মারা হয়। গত মার্চে কেনটাকিতে পুলিশের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ নারী ব্রেন্না টেলর। এর প্রতিবাদে এবং হত্যার ন্যায়বিচারের দাবিতে এনএফএসি নামে কৃষ্ণাঙ্গদের একটি গ্রুপ সশস্ত্র মিছিল করে। তাদের হাতে সেমি অটোমেটিক রাইফেল এবং শর্টগান দেখা যায়।