রায়হান কবিরের গ্রেফতারে সমালোচনায় আলজাজিরা

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মী রায়হান কবিরের গ্রেফতারের সমালোচনা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এই সংবাদমাধ্যমেই অভিবাসী কর্মীদের ওপর নিপীড়নমূলক আচরণ নিয়ে সাক্ষাত্কার দেওয়ার কারণেই গ্রেফতার হন রায়হান। অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে রায়হানের ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়েছে আলজাজিরা।

গত ৩ জুলাই আলজাজিরার ইংরেজি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনে মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী কর্মীদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, রায়হান কবির নামের এক বাংলাদেশি নিপীড়নের প্রতিবাদ করছেন।          এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, রায়হানকে বন্দিশালায় পাঠানো হয়েছে শিগিগরই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।