কুমিল্লায় ভাইবোন, রংপুরে চাচা-ভাতিজিসহ নিহত ১৩

কুমিল্লায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আপন ভাইবোনসহ চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে রংপুরের মিঠাপুকুরে চাচা-ভাতিজি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সব মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায়  মোট ১১ জন প্রাণ হারিয়েছেন । প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কুমিল্লা : হাইওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার হরিণধরা এলাকায় বিদ্যুত্ অফিসের সামনে সিলেট অভিমুখী একটি ট্রাক অপর একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।       এতে ঘটনাস্থলে দুই জন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আরো তিন জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুই জন মারা যান। নিহতরা হচ্ছেন- জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পীরযাত্রাপুর গ্রামের মৃত নবী নেওয়াজ ভূঁইয়ার ছেলে কুয়েতপ্রবাসী ওসমান গণি ভূঁইয়া ওরফে বিল্লাল ও তার বোন রিপা আক্তার, দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মৃত বিপিন চন্দ্র সাহার ছেলে সাধন চন্দ্র সাহা এবং মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লেগুনা হেলপার সাজিদ। নিহত দুই ভাইবোনের স্বজনরা জানান, কোরবানির ঈদের গরু কিনতে টাকার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় যাত্রীবাহী লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেছে এবং এর চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ঘটনার পর এর চালক পালিয়ে গেছে।

মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় এক দলিল লেখক ও তার ভাতিজি নিহত হয়েছেন। নিহত লাবলু মিয়া (৩৫) উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের দুবলাচরী লতিবপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে ও মিঠাপুকুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক। তিনি মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন স্ত্রীকে দেখতে ছেলে জীবন মিয়া ও ভাতিজি জুঁই মনিকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। শঠিবাড়ী ফিলিং স্টেশনের কাছে মহাসড়কে ওঠামাত্রই রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুঁই মনি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় লাবলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, গতকাল সকালে বগুড়ামুখী একটি মাইক্রোবাস রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে রিকশাভ্যান চালক ও ভ্যানের এক নারী যাত্রী তার কোলের সন্তানসহ সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক ও শিশুটি মারা যায়। গুরুতর আহত হন ঐ নারী। তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করতে অভিযান চলছে। 

তালা (সাতক্ষীরা) : ইঞ্জিনভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন নামে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি উপজেলার হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের ছেলে।

মানিকছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মযূরখীলে গতকাল বেলা ১১টার দিকে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে পাঁচ জন আহত হন। আহত চার জনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো  হয়েছে।

শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম মো. ফয়সাল আহম্মেদ হিমু (২৮)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের আশরাফ আলীর ছেলে। একইদিন দুপুরের দিকে শহরের কলেজরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক নারী ঘটনাস্থলেই  মারা যান।

বরিশাল অফিস : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের চৌমাথা হ্যালিপোর্টে ব্যাটারি চালিত রিকসা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পটুয়াখালী থেকে আসা ব্যাটারি চালিত রিকসার ডান পাশের চাকা খুলে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় চালকসহ চারজন গুরুতর আহত হয়। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক দুইজনকে মৃত ঘোষণা করেন।