মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন যে, দক্ষিণ চীন সাগরে বেআইনিভাবে আধিপত্য কায়েমের চেষ্টা করছে চীন। খবর টাইমস নাউ ও আনন্দবাজার পত্রিকার
দক্ষিণ চীন সাগর তিনটি দ্বীপপুঞ্জে বিভক্ত। তবে চীন গোটা দক্ষিণ চীন সাগরকেই নিজেদের সার্বভৌম এলাকা বলে দাবি করে। গত কয়েক বছর ধরেই সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করছে বেইজিং। কিন্তু মার্কিন সরকারের দাবি, বেআইনিভাবে দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে। শনিবার এক টুইটার বার্তায় পম্পেও বলেন, মার্কিন সরকারের নীতি পানির মতো পরিষ্কার। দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। বেইজিং যদি এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে থাকে এবং স্বাধীন দেশগুলো সে ব্যাপারে কিছুই না করে, ইতিহাস সাক্ষী চীনা কমিউনিস্ট পার্টি আরো অনেক অঞ্চল দখল করে নেবে। আন্তর্জাতিক আইন মেনেই দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ মিটিয়ে নিতে হবে। গত এক মাস ধরেই দক্ষিণ চীন সাগর নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা বেড়েছে। বেইজিংকে চাপে রাখতে সম্প্রতি দক্ষিণ চীন সাগরে দুইবার দুইটি রণতরি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।