এলসি খুলতে সহায়তার নামে ড্রেজার ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ

রাজধানীতে এক ড্রেজার ব্যবসায়ীর বড় অঙ্কের অর্থ আত্মসাতের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাদেক সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তার অভিযোগ, ড্রেজিং মেশিন আমদানির জন্য এলসি খোলার নামে মোহাম্মদপুরের ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ (এফএসএসই) নামক একটি প্রতিষ্ঠান ২ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাত্ করেছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, এমএম এহসান নিজামী ওরফে তানিম নিজেকে সিঙ্গাপুরের ইএফই (এসজি) লিমিটেড কোম্পানির কনসালট্যান্ট পরিচয় দিয়ে এলসি খুলতে সহায়তার প্রস্তাব দিলে ভুক্তভোগী রাজি হন। তবে তানিম শর্ত দেন ড্রেজিং মেশিন আমদানি মূল্যের ২০ শতাংশ অর্থাত্ (১০ শতাংশ এলসি খোলার আগে এবং ১০ শতাংশ এলসি খোলার পর) জমা দিলে বাকি ৮০ শতাংশ সিঙ্গাপুরস্থ ইএফই (এসজি) লিমিটেড কোম্পানি থেকে পরিশোধ করা হবে। বাকি অর্থ সুদ ও লভ্যাংশের নির্দিষ্ট একটি অংশ পরিশোধ করতে হবে। সিঙ্গাপুরের ঐ প্রতিষ্ঠানের গ্যারান্টার বিন্টাং লারিস ট্রেড অ্যান্ড ম্যানেজমেন্ট এসডিএন.বিএইচডি (বিএলটিএম) করপোরেট বাংলাদেশি এজেন্ট স্যান্ডমার্ক ড্রেজিং লিমিটেড। যার সিইও মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসিন্দা ফাহমিদা খাতুন। তাদের দুই জনের পরামর্শ অনুযায়ী তিনি ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার ১২৫ টাকা একাউন্ট পে চেকের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখায় জমা দেন। তিন দিনের মধ্যে এলসি খোলার কথা থাকলেও তিন মাস পেরিয়ে গেলেও তা খোলা হয়নি। এর মধ্যে টাকা ফেরত চাইলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ফাহমিদা তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি গত ১০ জুন গুলশান থানায় মামলা করেন।