বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

ম্যানচেস্টারে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল তৃতীয় দিনে ৩৯৯ রানের পাহাড়সমান রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০ রান করতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসেই ১৭২ রানের লিড নেয় ইংল্যান্ড। এরপর তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে করে ২২৬ রান। ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেন। ররি বার্নস ৯০, অধিনায়ক জো রুট ৬৮ ও ডোমিনিক সিবলি ৫৬ রান করেন।

প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল করে মাত্র ১৯৭ রান। সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া শেন ডওরিচ ৩৭ রান করেন।

ইংল্যান্ডের বোলিংয়ে নায়ক স্টুয়ার্ট ব্রড। এই ফাস্ট বোলার প্রথম ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও সবগুলো উইকেট তার দখলে। ৫০০ উইকেটের মাইলফলক থেকে ১ উইকেট পেছনে আছেন তিনি।