প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক ফোনালাপ নিয়ে ভারতীয় গণমাধ্যমে গত কয়েকদিন ধরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। যদিও ভারত সরকার যে কোনো উদ্বেগকে নাকচ করে দিয়েছে। গতকাল ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে কিছু বিশ্লেষক ও সূত্রের বরাত দিয়ে বলা হয়, ঢাকায় আগের চেয়ে ইসলামাবাদের কণ্ঠস্বর জোরালো হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়েও। প্রতিবেদনে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর একজন পাকিস্তানপন্থি উপদেষ্টাও রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে ইমরান খান কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমন সময় এই ফোনালাপ হলো যখন লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধ চলছে। একই সঙ্গে নেপালের সঙ্গেও বিরোধ চলছে ভারতের। তাই আশংকা করা হচ্ছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্ক থাকবে কিনা। উদ্বেগ আছে, এই ফোনালাপের পেছনে চীনের হাত থাকতে পারে। যদিও ফোনালাপ নিয়ে ঢাকা এবং ইসলামাবাদের সরকারি বিবৃতিতে পার্থক্য লক্ষ্য করা গেছে। ঢাকার বিবৃতিতে ইমরান খানের সঙ্গে শেখ হাসিনার করোনা ভাইরাস এবং বন্যা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ইসলামাবাদের বিবৃতিতে জানানো হয় যে প্রধানমন্ত্রী ইমরান খান জম্মু-কাশ্মীর ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।