অনুষ্ঠিত হয়ে গেল 'কম্বাইন্ড মিডিয়া সামিট ২০২০'

সম্প্রতি নিউজপেপার অলেম্পিয়াডের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল 'কম্বাইন্ড মিডিয়া সামিট ২০২০'। 'লিডিং দ্যা ওয়ার্ল্ড থ্রু মিডিয়া' স্লোগান নিয়ে দেশ ও দেশের বাইরে মিডিয়া ও তার গুরুত্বকে তুলে ধরতে ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হয় এই সামিট।

২৫ জুলাই বিকেলে সামিটের উদ্বোধন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও ডিবিসি নিউজের সম্পাদক প্রনব সাহা। সামিটে অংশ নেয় ১৫টি সংবাদপত্র, ৭টি টেলিভিশন ও ৩টি রেডিওর প্রতিনিধিগণ। এছাড়াও ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সম্মানিত শিক্ষকগণ। প্রতিদিন চারটি করে মোট আটটি সেশন অনুষ্ঠিত হয় এখানে।

আয়োজনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক মোস্তাফিজ শফী, সময় টিভির বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ, চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, দ্যা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, ইয়ুথ কার্নিভাল এর সিইও জনি শাহরিয়ার আলম সহ আরো অনেকে। মিডিয়া সামিটে ৪র্থ শিল্প বিপ্লব ও মিডিয়ার পরবর্তী চ্যালেঞ্জসহ আলোচনা করা হয়  মিডিয়ার খুঁটিনাটি আরও অনেক বিষয়ে।

মোস্তাফিজ শফী বলেন, এরকম আয়োজন তরুণদের একত্র করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তুষার আব্দুল্লাহ বলেন, করোনা তরুণদের বিভিন্ন উদ্যোগ আমাদের নতুন করে আশা দেখাচ্ছে।

দেশের তরুণদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। মিডিয়াই পারে এই বিশ্বকে পরিবর্তন করতে, দেশকে শক্তিশালী করতে সে কথাও ব্যক্ত করেন তারা। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন নিউজপেপার অলিম্পিয়াডের সভাপতি লাব্বী আহসান।

এছাড়াও এই আয়োজনে স্পিকার  হিসেবে ছিলেন শরিফুল হাসান (ফ্রিল্যান্সিং সাংবাদিক, দ্যা ডেইলি স্টার) , মোহাম্মদ তাজদিন হাসান (হেড অফ মার্কেটিং, দ্যা ডেইলি স্টার) এবং জাবেদ সুলতান পিয়াস (হেড অফ ডিজিটাল বিজনেস, দৈনিক প্রথম আলো), এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরারসহ আরও অনেকে। প্রায় ২০ হাজার দর্শক বিভিন্ন সময়ে এই সামিটে অংশ নিয়ে নিজেদের মতামত জানান দেয়।