মাস্কের তীব্র সংকটের কারণে অনেক ডাক্তার, নার্স বার বার ধুয়ে একই মাস্ক ব্যবহারে বাধ্য হচ্ছেন। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এবার এই সমস্যার সমাধান বের করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক। তারা পুনরায় ব্যবহারযোগ্য একটি মাস্ক তৈরি করেছেন। সিলিকনের তৈরি এ মাস্কের নাম দেওয়া হয়েছে আইমাস্ক। রেসপিরেটর মাস্কের মতোই কার্যকরি হবে এটি। তবে আইমাস্কে এন৯৫ এর কিছু উপাদান ব্যবহার করা হয়নি। আকার একই রকম হলেও এতে দুটি রিমুভেবল ফিল্টার থাকবে। সিলিকন রাবারের তৈরি মাস্কটি প্রতিবার ব্যবহারের আগে পানিতে ফুটিয়ে জীবাণু মুক্ত করতে হবে।