তিন দিন পর পবিত্র ঈদ উল আজহা। করোনা পরিস্থিতির কারণে গত রমজান ঈদের মত কোরবানির ঈদও পুরোপুরি আনন্দময় হয়ে উঠবে না। তবু পরিবারের সবার সাথে ঈদের আনন্দটা উপভোগ করতে পরিপাটি করে সাজাবে হবে নিজেকে। ঈদের দিনের সাজ নিয়ে লিখেছেন সাবিহা আলম
ঈদের দিনে নিজেকে একটু সুন্দর, পরিপাটি আর আকর্ষণীয় করে সাজিয়ে রাখতে চায় সবাই। নিজেকে অন্যদের চোখে আলাদাভাবে উপস্থাপন করতে কে না চায় বলুন? ঈদের সাজ বা ব্যতিক্রমী পোশাকটাই কিন্তু উত্সবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কার পোশাকটা অন্যদের চেয়ে আলাদা বা একটু বেশি সুন্দর, কিংবা কার পোশাকটা সাজের সঙ্গে বেশ মানিয়েছে এ নিয়ে খুনসুটিও চলে বেশ। ঈদের ছেলেরা সাধারণত পাজামা, পাঞ্জাবি পড়ে। অন্য পোশাকেও দেখা যায় তাদের। অপরদিকে মেয়েরা কেউ শাড়ি কেউ সালোয়ার-কামিজ পরেন। তবে পোশাক যাই হোক না কেন পোশাকের সঙ্গে মিল রেখেই সাজগোজটা করা উচিত। এক্ষেত্রে ঈদের দিনের পোশাকটির সঙ্গে কেমন করে সাজবেন, দিনের পোশাকের সঙ্গে রাতের পোশাক ও সাজের বৈচিত্র্য কেমন হবে তা আগের দিন ঠিক করে রাখুন। তাহলে টেনশন মুক্ত থাকার পাশাপাশি নিজেকে দেখতেও অনেক সুন্দর লাগবে। ঈদের দিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই গোসলটা সেরে নিলে সারাদিনের জন্য টেনশনমুক্ত থাকা যায়। তবে যেসব নারীদের রান্নাবান্না আর ঘরে কাজের ঝামেলা থাকে তারা চাঁদরাতের দিন রান্নার কিছু কাজ গুছিয়ে রাখুন। সকালে উঠে চটজলদি কাজগুলো করে গোসলটা সেরে হালকা সাজগোজ করে নিতে পারেন। ঈদের পোশাকটা কেমন হবে তা নিয়েই ব্যস্ত থাকেন সবাই। কোরবানির কাজ সেরে বিকেলে অনেকেই বাইরে বের হন। তাই একটু আরামদায়ক পোশাক পরিধান করাই ভালো। এক্ষেত্রে হালকা সুতির পোশাক হলে বেশি ভালো হয়। শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, জিন্স যেই পোশাকই পরবেন খেয়াল রাখবেন সেটা আপনার জন্য আরামদায়ক হচ্ছে কিনা। পছন্দের সঙ্গে মিল রেখে শিফন বা জর্জেটের পোশাক, জামদানি বা টাঙ্গাইলের শাড়িও পরতে পারেন। ঈদ মানেই আনন্দ, তাই এই দিনে আপনার যে পোশাকটা পছন্দ সেটাই পড়ুন। ঈদের দিনে এতো কাজের ভিড়েও নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে চান সবাই। এক্ষেত্রে মেয়েরা ঈদের দিনের সাজটাকে তিন ভাগে ভাগ করে নিন। সেই অনুযায়ী পরিকল্পনা করুন—সকাল, দুপুর ও রাতের সাজ এবং সেই সঙ্গে পোশাকটা কী হবে সেটাও আগে থেকেই ঠিক করে নিন। এতে করে পুরো দিনটাই আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। ঈদের দিনের সাজগোজ করার আগে খেয়াল রাখুন আবহাওয়ার কথাও। এখন বর্ষাকাল; যেকোনো সময় বৃষ্টি হতে পারে, এ দিক বিবেচনা করে নির্বাচন করুন নিজের পোশাকটি।
ছবি বিশ্বরঙ