একাদশ জাতীয় সংসদে এবার নারী সদস্যদের প্রতিনিধিত্ব বিগত সকল রেকর্ড ছাড়িয়েছে।
নতুন পুরনো মিলে এবার ২২ জন নারী সদস্য সংসদে রয়েছেন। অপেক্ষাকৃত
নতুনদের নিয়ে লিখেছেন— নাছিমা খাতুন
সিমিন হোসেন রিমি
গাজীপুর-৪ আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২,০৩,২৫৮ ভোট। সিমিন হোসেন রিমি টানা তিনবার এই আসনে এমপি হলেন। এই আসনে টানা দু’বার এমপি নির্বাচিত হয়েছিলেন তার ভাই তানজীম আহমেদ সোহেল তাজ। তাদের বাবা দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদও এই আসন থেকে ভোট করতেন।
সাগুফতা ইয়াসমিন এমিলি
মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি নৌকা প্রতীকে দুই লাখ পনেরো হাজার তিনশ’ পঁচাশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাগুফতা ইয়াসমিন এমিলি ১৯৬২ সালের ৩ নভেম্বর মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএসসি সম্পন্ন করেছেন। এমিলি প্রথম ১৯৯৬ সালে সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনীত হয়েছিলেন। তিনি মুন্সিগঞ্জ-২ থেকে ২০০৯ সালের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [৩] রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদ ২৪ জানুয়ারি ২০০৯ সালে তাকে সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেন।
শাহীন আক্তার চৌধুরী
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সাংসদ আব্দুর রহমান বদির সহধর্মিণী শাহীন আক্তার চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার ভোট গ্রহণের পর ঘোষিত ফলে নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২ হাজার ১৮০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে ৩৬ হাজার ৯৫৭ ভোট পান। মাদকবিরোধী অভিযানের সময় ব্যাপক সমালোচিত হন এমপি আবদুর রহমান বদি। তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করা হয়। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।
সেলিমা আহমাদ মেরী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৪৫ বছর পর আওয়ামী লীগ এ আসনটি পুনরুদ্ধার করল। সেলিমা আহমাদ মেরীর প্রাপ্ত ভোট ২ লাখ ৬ হাজার ৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত ঐক্যজোট প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন সর্বমোট ২০ হাজার ৯২৬ ভোট। সেলিমা আহমাদ মেরী এক লাখ ৮৫ হাজার ৮১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। উল্লেখ্য, দেশ স্বাধীনের পর অ্যাডভোকেট মোজাফ্ফর আলী নৌকা প্রতীক নিয়ে ১৯৭৩ সালে এ আসন থেকে একবার নির্বাচিত হন। তারপর আওয়ামী লীগ এ আসনটি আর ধরে রাখতে পারেনি। আগের দশটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছয়বার, জাতীয় পার্টি এককভাবে দু’বার ও মহাজোট থেকে একবারসহ মোট তিনবার ও আওয়ামী লীগ একবার নির্বাচিত হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি উদ্ধার করেন ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী।
জয়া সেন গুপ্তা
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেন গুপ্তা বিজয়ী হয়েছেন। দুই উপজেলার ১১০টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের নাছিরউদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৫৮৭ ভোট। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা নাছিরউদ্দিন চৌধুরীকে ৫৬ হাজার ৪৩০ ভোটে পরাজিত করেছেন।
আয়েশা ফেরদাউস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদাউস। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ২১০,০১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রার্থী মওদুদ আহমদ ৪,৭১৫ ভোট। এই আসনে বিজয়ী প্রার্থী ২০৫,৩০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বেগম আয়েশা ফেরদাউসের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তালুকদার গ্রামের মাওঃ আবদুল হাই সাহেবের বাড়িতে। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।