রাস্তা, বাঁধ ও আশ্রয়কেন্দ্রে ঈদের নামাজের প্রস্তুতি
মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি
এবারের তিন দফা বন্যায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার অধিকাংশ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। এতে উপজেলার ২৯৫টি মসজিদ ও ঈদগাহ মাঠ বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যার কারণে এখনো এসব মসজিদ ও ঈদগাহ মাঠ পানিতে তলিয়ে রয়েছে। বন্যাকবলিত নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর, মাইজবাড়ী ও শুভগাছা ইউনিয়ন পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও পিআইও এ কে এম শাহ আলম মোল্লা এ তথ্য জানিয়েছেন। যেসব এলাকায় মসজিদ ও ঈদগাহ মাঠ পানির নিচে রয়েছে সেসব এলাকায় রাস্তায়, বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয়কেন্দ্রে নামাজ আদায়ের প্রস্তুতি রয়েছে বলে জানান তারা। কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, এবারের বন্যায় ৯টি ইউনিয়নের ২৯৫টি মসজিদ ও ঈদগাহ মাঠের মধ্যে ২৭১টি পানিতে তলিয়ে যায়। সরকারি হিসেব অনুযায়ী চলমান বন্যায় চরাঞ্চলের ছয়টিসহ ৯টি ইউনিয়নের ৮১টি গ্রাম প্লাবিত হয়ে ৩৬ হাজার ৮৭৮টি পরিবারের ১ লাখ ৬৬ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছে। কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা জানান, এখন পর্যন্ত বন্যাকবলিত এলাকাগুলোয় মোট ২৫ মেট্রিক টন চাল, ৬৯০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।