মধুমতী নদীতে পানি বৃদ্ধি
গোপালগঞ্জ প্রতিনিধি
মধুমতী নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটের উভয় পাড়ের পন্টুনের গ্যাংওয়ে তলিয়ে যানবাহন ও যাত্রী পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত ২২ জুলাই ঐ ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। তারপর থেকে ঘাট কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রাখার চেষ্টা করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চলাচলের গুরুত্বপূর্ণ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট। এ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ খুলনা, নড়াইল, যশোর, নওয়াপাড়া, বেনাপোল বন্দরসহ ১০ জেলায় চলাচল করে। এ ঘাট দিয়ে কয়েক শ যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, নছিমনসহ অন্যান্য যানবাহন পারাপার হয়। কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামের সালাউদ্দিন মৃধা সুজন (৫২) বলেন, গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পানি ঝাঁপিয়ে ফেরি ও খেয়ায় উঠতে হচ্ছে। ট্রাকচালক জয়নাল বলেন, এ ঘাটে ঝুঁকি নিয়ে ট্রাক পার করতে হচ্ছে। গ্যাংওয়ে ক্রস করার সময় গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে ক্ষতি হচ্ছে। ঘাট ইজারাদার মো. মঞ্জুর হাসান বলেন, ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে। ফেরিচালক মো. মিজানুর রহমান বলেন, ফেরিতে গাড়ি ওঠা-নামায় চরম সমস্যা হচ্ছে। এছাড়া নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে বেশি সময় লাগছে। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী সাকিরুল ইসলাম বলেন, মধুমতী নদীতে জোয়ারের সময় কালনা ঘাটের গ্যাংওয়ে তলিয়ে পারাপারে সমস্যা হচ্ছে। আমরা ফেরিঘাট পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করেছি। সমস্যা সমাধানে কাজ শুরু হয়েছে।