নওগাঁয় নমুনা সংগ্রহ কমেছে

নওগাঁ প্রতিনিধি

করোনা ভাইরাস শনাক্তে ফি নির্ধারণ করার পর থেকে নওগাঁয় নমুনা সংগ্রহের পরিমাণ কমে গেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় গত ৩ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ৮৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু ফি নির্ধারণের পর গত ১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত মাত্র ১ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁর সভাপতি অ্যাডভোকেট মহসিন রেজা বলেন, সাধারণ কর্মজীবী ও দিনমজুরসহ যাদের উপসর্গ আছে তাদের ২০০ টাকা জমা দিয়ে নমুনা পরীক্ষা করা কষ্টকর। এজন্য নমুনা সংগ্রহের পরিমাণ কমে যাচ্ছে। সুজনর নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী বেলাল বলেন, সরকার স্বাস্থ্য খাতে অনেক ভর্তুকি দিয়েছে। নির্ধারিত ফি মওকুফের জন্য সরকারের শুভদৃষ্টি দেওয়ার অনুরোধ করছি। নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, ফি দিয়ে নমুনা সংগ্রহ শুরুর পর থেকে যাদের একান্ত প্রয়োজন মূলত তারাই নমুনা দিচ্ছেন। এতে বিগত দিনের তুলনায় বর্তমানে নমুনা সংগ্রহের পরিমাণ কমে গেছে।