হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। আসন্ন পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দরসংশ্লিষ্ট সংগঠনগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল-আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত একটানা ছয়দিন এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট বুধবার থেকে বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এদিকে বন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শুধু ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজকর্ম শুরু হবে। এ সময় ব্যবসায়ীরা চাইলে তাদের পণ্য রাজস্ব পরিশোধ করে খালাস করে নিতে পারবেন।