বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি শহরের মালগ্রাম এলাকার শাহাদত্ হোসেন সাজুর ছেলে। এ ঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমা গত ১৯ জুলাই বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেফতার করে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, গত ১৮ জুলাই সন্ধ্যায় এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোবাহান তার সহযোগীদের সঙ্গে নিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়।