করোনায় পদক্ষেপে লাখ লাখ সংক্রমণ রুখতে পেরেছি

দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার সরকারের সাফাই গেয়ে বলেছেন, করোনা মহামারিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কারণেই তারা লাখ লাখ সংক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি লকডাউন দেশের অর্থনীতিকে ক্ষতি করেছে সত্যি, কিন্তু তাদের সম্মিলিত চেষ্টা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে পেরেছে। গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। আলজাজিরা

দুতের্তে বলেন, ‘আমার কাছে জীবন বাঁচানো প্রথম এবং আমরা তারই চেষ্টা করেছি। তবে আক্রান্তের সংখ্যা কম হলেও সামনে যে এটা বাড়বে না, তা বলা যায় না। আমাদের এর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় যে বিষয় কাজ করেছে, তা হচ্ছে পরিস্থিতির বিবেচনায় আমরা দ্রুত জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছি। সেই সঙ্গে আমরা লকডাউন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছি। আর এসব কারণেই আমি মনে করি লাখ লাখ সংক্রমণ আমরা রুখে দিতে পেরেছি।’