উপসাগরীয় অঞ্চলকে নিরাপত্তা হুমকিতে ফেলবে :যুক্তরাষ্ট্র

কাতারের বিরুদ্ধে আরব দেশগুলোর অবরোধ

আল জাজিরা

ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন,তিন বছরেরও বেশি সময় ধরে কাতারের বিরুদ্ধে প্রতিবেশী আরব দেশগুলোর অবরোধ চলছে। বিষয়টি এখন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এই বিরোধিতার পরিহার করে সবাইকে উচিত এক হয়ে কাজ করে নিজেদের মধ্যে সহযোগিতার হাত আরো বৃদ্ধি করা। রবিবার দোহায় আরব বিশ্বের এ দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতায় চেষ্টারত মার্কিন এই বিশেষ প্রতিনিধি এসব কথা বলেন।

ব্রায়ান হুক বলেন,আরব দেশের এ বিরোধ সময়ের পরিক্রমায় অনেকটা পথ এগিয়েছে। তাই এখনই এ সংকট মিটিয়ে একে অপরের মাঝে সহযোগিতার পথ প্রশস্ত করা উচিত। তিনি বলেন, গালফ কোঅপারেশন কাউন্সিল যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল,সেই উদ্দেশ্যও এ কারণে ব্যাহত হচ্ছে। উপসাগরীয় সহযোগীতা সংস্থাটি এ কারণে সে তার ভালো কর্মকান্ড দেখাতে পারছে না। মূলত এটি এখন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কাতারের বিরুদ্ধে এ সংকটের শুরু হয় ২০১৭ সালে। তখন দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ উঠে। আর এ কারণে তিনটি আরব দেশ যথাক্রমে সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আকাশসীমা অবরোধ করে।পরবর্তীতে মিসরও দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করে। যদিও কাতার তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি বলছে, তারা আন্তর্জাতিক রাজনীতির নোংরা খেলার শিকার হয়েছেন।  কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে ওইদিন বৈঠক শেষে মার্কিন এই বিশেষ প্রতিনিধি বলেন,আরব দেশগুলোর মধ্যে এই অবস্থার কারণে আজ উপসাগরীয় সহযোগীতা সংস্থাটি কার্যত অচল হয়ে পড়েছে।