অবশেষে শিরোপা জুভেন্তাসের

স্পোর্টস ডেস্ক

জুভেন্তাস নবম লিগ শিরোপার পথে থাকলেও শেষ কিছু দিনের পড়তি ফর্মে অপেক্ষা ক্রমেই বাড়ছিল। তবে সাম্প্রদোরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে সে অপেক্ষা শেষ হয়েছে কোচ মাউরিজিও সারির দলের। রেকর্ডগড়া এ লিগ জয়ের পর জুভেন্তাস শিরোপা উত্সর্গ করেছে ভক্তদের উদ্দেশ্যে।

লিগ নিশ্চিত করার সুযোগটা উদিনেসের বিপক্ষেই এসেছিল জুভেন্তাসের। কোচ সারির ভাষায় ‘বিশৃঙ্খল’ হার অপেক্ষা বাড়ায় দলটির। সেদিন এগিয়ে গিয়েও হার সঙ্গী হয়েছিল দলটির। তবে রবিবার রাতের ম্যাচে আর সে ভুল করেনি জুভেন্তাস। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল আর দ্বিতীয়ার্ধে ফ্রেদেরিকো বের্নাদেস্কির লক্ষ্যভেদে ভর করে জয় নিশ্চিত করে দলটি। রোনালদো শেষদিকে পেনাল্টি নষ্ট না করলে ব্যবধান আরো বাড়তেও পারত! সেটা না হলেও জয়ে কোনো সমস্যাই হয়নি বিয়েঙ্কোনেরিদের।

এর ফলে টানা নবম লিগটি জিতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা লিগ জয়ের রেকর্ড গড়ে সারির শিষ্যরা। গত মাসে বায়ার্ন মিউনিখ টানা অষ্টম বুন্দেসলিগা শিরোপাটি জিতে রেকর্ডে ভাগ বসিয়েছিল।

প্রায় ২০ বছরের পেশাদার কোচিং ক্যারিয়ারে কোচ মাউরিজিও সারির এটিই প্রথম লিগ শিরোপা। এর আগে বড় শিরোপা বলতে গেল বছর চেলসিকে নিয়ে জেতা ইউরোপা লিগটাই ছিল তার। ইতালিয়ান এই কোচ শিরোপার পুরো কৃতিত্বটা দিলেন খেলোয়াড়দের। বললেন, ‘আমি দলকে বলেছিলাম যে, যদি তোমরা আমাকে সঙ্গে নিয়ে জেত যে কখনো কিছুই জেতেনি, তার কারণ হবে তোমরা যথেষ্ট শক্তিশালী।’

ক্রিশ্চিয়ানো রোনালদো এ শিরোপাকে উত্সর্গ করলেন ভক্তদের উদ্দেশ্যে। ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘টানা দ্বিতীয় শিরোপাটা জিতে এ ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে পেরে আমি উচ্ছ্বসিত। এটা ভক্তদের প্রতি উত্সর্গ করছি, বিশেষ করে যারা মহামারিতে ভুগেছেন এবং ভুগছেন তাদের প্রতি। এ মহামারি আমাদের চমকে দিয়ে বিশ্বটাকেই বদলে দিয়েছে!’

সাবেক কোচ অ্যান্তোনিও কন্তে কিংবা ম্যাসিমিলানো অ্যালেগ্রির অধীনে শেষ আটটা লিগ শিরোপা অনেকটা অনায়াসেই জিতেছে জুভেন্তাস। কিন্তু সারির অধীনে নতুন কৌশলের সঙ্গে মানিয়ে নিতে অনেক ধুঁকেছে দলটি। ৯ লিগ জয়ের সবকটিতেই দলে থাকা লিওনার্দো বনুচ্চির কাছে তাই এ লিগ শিরোপা একটু বেশিই মধুর, ‘এটা সবচেয়ে সুন্দর সাফল্য, এমনকি সবচেয়ে কঠিনও কারণ আমরা এটা চাইছিলাম কিন্তু ভুগতেও হয়েছিল।’

সংখ্যাতত্ত্বে

জুভেন্তাসের

৯

৯              শেষ নয় মৌসুমেই লিগ শিরোপা জিতেছে জুভেন্তাস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা টানা শিরোপা জয়ের রেকর্ড। টানা আট লিগ জয় করে তালিকায় দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ (২০১৩-২০২০)

১০            সিরিআ ২০১৯-২০ সহ জিয়ানলুইজি বুফনের লিগ শিরোপা সংখ্যা দাঁড়াল ১০-এ, যা ব্যক্তিগতভাবে সিরিআ জয়ের রেকর্ড।

৩১            চলতি মৌসুমে রোনালদোর গোলসংখ্যা। জুভেন্তাসের ইতিহাসে এক সিরিআ মৌসুমে এর চেয়ে বেশি গোল করেছেন কেবল ফেলিস বোরেল (৩২টি, ১৯৩৩-৩৪ মৌসুমে)। চলতি মৌসুমে আরো দুই ম্যাচ বাকি, রোনালদো যেমন ছন্দে আছেন তাতে ৮৬ বছরের পুরোনো রেকর্ডটা আছে হুমকির মুখেই!

৩২            রোনালদোর ক্যারিয়ারের ৩২তম শিরোপাটি ছিল সিরিআ ২০১৯-২০ শিরোপা। ৩০ বছর পেরোনোর পর এ নিয়ে পর্তুগিজ তারকার শিরোপা সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩-তে!

৩৬            সিরিআ ২০১৯-২০ জিতে জুভেন্তাসের লিগ শিরোপা সংখ্যা দাঁড়াল ৩৬-এ। ইতালিয়ান রেকর্ড যে এটি, তা বলাই বাহুল্য! এমনকি ইউরোপেও এর চেয়ে বেশি লিগ জয়ের নজির নেই কারো! ৩৪টি লিগ নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

৬১            ৬১ বছর ১৯৮ দিন বয়সে লিগ জিতে সিরিআ জেতা সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার রেকর্ড গড়েছেন মাউরিজিও সারি। ভেঙে দিয়েছেন ৩৭ বছরের পুরনো রেকর্ড। ১৯৮২-৮৩ মৌসুমে ৬০ বছর ২১৯ দিন বয়সে লিগ জিতে রেকর্ডটি গড়েছিলেন তত্কালীন এএস রোমা কোচ নিলস লাইডহোম।