স্পোর্টস রিপোর্টার
করোনাকালে রীতিমতো বিয়ের মিছিলই যেন লেগে গেল বাংলাদেশের ক্রিকেটে। গত দুই মাসের মধ্যে আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলামরা জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অলরাউন্ডার মেহেদী হাসান।
খুলনার এই ক্রিকেটারকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মেহেদী বললেই সিংহভাগ মানুষ চিনতে পারে। খুলনায় গত রবিবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন মেহেদী। তার স্ত্রী ঋতু খুলনা মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। করোনার কারণে এখনো চলতি বছরের এইচএসসি পরীক্ষা হয়নি।
করোনার শুরু থেকে খুলনায় আছেন মেহেদী। গত এক সপ্তাহ শেখ আবু নাসের স্টেডিয়ামে মিরাজ, সোহানদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনেও ছিলেন তিনি। জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে নিয়মিত খেলেছেন মেহেদী। মূলত ওপেনার হলেও বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে অফস্পিন বোলিং করে গোটা দেশে পরিচিতি পেয়েছেন তিনি। বিপিএলের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৪টি টি-২০ খেলেছেন এই তরুণ।