সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
এবি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সদ্য বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা ফয়সাল আলম সিহাবকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার রাতে সিংগাইর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানিকগঞ্জের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, সিহাব এবি ব্যাংকের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল শাখায় শিক্ষানবিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
৫ জুলাই দায়িত্ব থেকে সিহাবকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি গোপন রেখে এর দুই দিন পরে ব্যাংকের অন্য কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এবি ব্যাংকের উত্তরা শাখার একটি ভুয়া অ্যাকাউন্টে ১ কোটি ৩৭ লাখ টাকা জমা করেন তিনি।
এক সহযোগীর মাধ্যমে সেখান থেকে ৫০ লাখ টাকা উত্তোলন এবং ৭৮ লাখ ৫০ হাজার টাকা আরটিজিএসের মাধ্যমে গাড়ি বিক্রেতার অ্যাকাউন্টে দিয়ে দুটি নতুন গাড়ি ক্রয় করেন সিহাব। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে অবগত হয়ে গত ১০ জুলাই সিংগাইর থানায় ফয়সালসহ চার জনকে আসামি করে অভিযোগ করেন এবি ব্যাংকের পারিল শাখার ব্যবস্থাপক আরিফ আহমেদ। পরে উক্ত মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
মামলাটির তদন্ত দায়িত্ব পেয়ে সিআইডি কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্রয়কৃত নতুন গাড়ি দুটি ঢাকার ঝিগাতলা থেকে ১৮ জুলাই উদ্ধার করেন। আর এ কাজে সহায়তার জন্য একই দিনে গ্রেফতার করা হয় মুত্তাকিন আহমেদ সিয়াম নামের আরেক জনকে। এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই রাতে সিংগাইরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।
বাকি টাকা উদ্ধার এবং প্রতারণার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী।